চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কালামিয়া বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহাল পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ওই এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে।
নিহালের চাচা শাখাওয়াত জানান, বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল নিহাল। সোমবার ফল প্রকাশের পর জানা যায়, পাঁচটি বিষয়ে অকৃতকার্য হয়েছে সে। ফল প্রকাশের পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে জানান পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, রাতে ঘুমিয়ে পড়েছিল নিহাল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় অচেতন অবস্থায় দেখতে পান। পরে তারা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর নিহাল আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





