এবার চট্টগ্রাম বন্দরে মঙ্গলবার ২৪ ঘণ্টা কর্মবিরতি ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

টানা তিন দিন ৮ ঘণ্টার কর্মবিরতির পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে নতুন করে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে একটার দিকে চট্টগ্রাম বন্দরের বন্দর ভবন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বন্দরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ডাকে সাড়া দিয়েছেন। এর ফলে বন্দরে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং এবং বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এ সময় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন, আনোয়ারুল আজিম, ফরিদুর রহমান, শামসু মিয়া টুকুসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

টানা কয়েক দিনের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা।

এদিকে আন্দোলনের জেরে বন্দর কর্তৃপক্ষ বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ আন্দোলনে জড়িত অন্তত ১৬ জন কর্মচারীকে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে বদলি করেছে বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top