চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ কর্মসূচির ঘোষণা দেন পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানান, সরকার যতক্ষণ পর্যন্ত এনসিটি ইজারার প্রক্রিয়া থেকে সরে না আসবে, ততক্ষণ আন্দোলন চলবে। তিনি বলেন, বন্দরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
কর্মবিরতির ফলে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম এবং বন্দরের ভেতরে পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এর আগে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতির পর ২৪ ঘণ্টার কর্মসূচি পালন করে। সেই কর্মসূচি শেষ হওয়ার আগেই এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হলো।
এদিকে আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ অন্তত ১৬ জন কর্মচারীকে প্রথমে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে এবং পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মচারীরা এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি।
চাটগাঁ নিউজ/এমকেএন





