এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ: হাসনাতকে স্পিকার

চাটগাঁ নিউজ ডেস্ক: সংসদে উত্তেজিত কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দ্য পার্লামেন্ট (এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর মৌখিক কথাবার্তাও স্কোপ খুবই কম। নোটিস দেবেন, উইল অ্যাডজুডিকেট অন দ্য নোটিসেস (আমরা সেই নোটিশের ওপর সিদ্ধান্ত দেব)।’

আজ শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্যে করে স্পিকার এসব কথা বলেন।

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’ বিল পাসের পর বিরোধী দলের আপত্তি নিয়ে সংসদ সদস্যদের আলোচনার সময় স্পিকার রুলিং দেন।

এ সময় স্পিকার বলেন, ‘মাননীয় বিরোধী দল নেতা আমি একটা কথা বলি- তারপর প্রয়োজন হলে আপনি বলবেন, মাননীয় সদস্যবৃন্দ এটি নিয়ে ৯০টি বিল পাস করা হয়েছে একটি মাত্র বিল বাকি আছে এবং এই বিলগুলো পাস করার ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল যে চমৎকার সমঝোতা দেখিয়েছেন, এটাও কিন্তু সংসদীয় ইতিহাসে বিরল।

তিনি আরো বলেন, আমার অনেক বয়স হয়েছে, এর আগের ছয়টি সংসদ দেখেছি। এত সুন্দর পরিবেশ, সহযোগিতামূলক পরিবেশ আগে কোনও সংসদে ছিল না। এখানে পুরনো সদস্য মো. শাহজাহান এবং গাজী নজরুল ইসলাম আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। অতীতের সংসদগুলার সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কি ধরনের পরিবেশ ছিল, কি ধরনের মনোভাব ছিল? কি ধরনের তীর্যক, অশ্লীল বাক্য বিনিময় হতো। সেই তুলনায় অনেক ভালোভাবে এই সংসদে শুরু হয়েছে এবং সর্বশেষে আইনমন্ত্রী যে কথাটি বললেন- আপনাদের যে আপত্তি প্রয়োজন হলে এটারও তো একটা রেমেডি আছে আমি মনে করি এই বিষয়টি নিয়ে এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তার স্কোপ খুবই কম। নোটিস দিবেন, উইল এডজুকিটেড অন দি নোটিসেস।’

এরপর তিনি বলেন, ‘এখন প্রশ্ন হলো- আইনমন্ত্রী যে কথাটি বলেছেন এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে। এবং আরেকটি কথা হলো যে সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি সংসদের চমৎকার বিগিনিং এত বড় একটা জুলাই অভ্যুতানের পর এই সংসদ গৃহীত হয়েছে। এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই হয়েছে যে ৭৭-৭৮ জন বিরাট ব্যাপার। আমরা এই স্পিরিট অফ কো-অপারেশন নিয়ে সামনে এগুতে চাই আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারও বিলে সংশোধনী আনা যাবে। এই সংসদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। লেট আস বিয়ার উইথ অল দিস ডিফারেন্সেস। ’

‘আমরা সকল ধরনের সুবিধা-অসুবিধা, মতানৈক্য কমিয়ে আনতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যই হল এ মতভিন্নতা। না হলে তো একটা দলই থাকতো দেশে’-যোগ করেন তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top