চাটগাঁ নিউজ ডেস্ক: এক বছরের ব্যবধানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মোট সম্পদ প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে এই সম্পদ বৃদ্ধি ঘটে।
হালনাগাদ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন ড. মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকা। এর আগে ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ১৪ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৬৭৭ টাকা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ করে। প্রকাশিত বিবরণীতে উপদেষ্টাদের আর্থিক সম্পদ, আর্থিক বহির্ভূত (নন-ফাইন্যান্সিয়াল) সম্পদ, বিদেশে থাকা সম্পদ এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক দায়ের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
সম্পদ বিবরণী অনুযায়ী, একই সময়ে ড. ইউনূসের স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদও বেড়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৭৮৬ টাকা। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ১১ লাখ ৯৯ হাজার ২৭৪ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৬০ টাকা।
নথিতে ড. মুহাম্মদ ইউনূসের দেশের ভেতরে থাকা সম্পদের পাশাপাশি বিদেশে অবস্থিত সম্পদের হিসাবও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তার বিদেশি সম্পদের পরিমাণ ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা। তবে তার স্ত্রী আফরোজী ইউনূসের নামে বিদেশে থাকা কোনো সম্পদের তথ্য প্রকাশিত বিবরণীতে পাওয়া যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত নথির ‘মন্তব্য’ অংশে প্রধান উপদেষ্টার সম্পদ বৃদ্ধির কারণও ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী ও মেয়াদি আমানত বৃদ্ধি এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত শেয়ারসহ বিভিন্ন কারণে মোট সম্পদের বৃদ্ধি ঘটেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





