একনেকে ৫ প্রকল্পের অনুমোদন, বাড়তি ব্যয় ৪৮৩ কোটি টাকা

চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠকে বিগত সময়ের পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৪৮৩ কোটি টাকা।

আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

সাধারণত রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হলেও এবার সেই রেওয়াজ ভেঙে সচিবালয়ে সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে দুটি প্রকল্পে ব্যয় বাড়ানো হয়েছে মোট ৪৮৬ কোটি ৯১ লাখ টাকা এবং একটি প্রকল্পে ব্যয় কমানো হয়েছে ৩ কোটি ৪৮ লাখ টাকা। বাকি দুটি প্রকল্পে ব্যয় অপরিবর্তিত রেখে শুধু মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৯২ কোটি ৫৯ লাখ টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, এদিন একনেক সভায় ১৯টি প্রকল্প ওঠার কথা ছিল। তবে আটটি নিয়ে আলোচনার পর সভা মুলতবি করা হয়। আগামী সপ্তাহে আবার বসবে।’

একনেকে অনুমোদিত পাঁচটি প্রকল্প হলো-
• স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (জিএসআইডিপি-২)।’ এ প্রকল্পে ব্যয় বাড়িয়ে ১ হাজার ৪৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৮২ কোটি টাকা।
• ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (সিডিএসপি-৪)’—এ প্রকল্পে ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় কমিয়ে নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ৭১ লাখ টাকা।
• ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন’ প্রকল্প—এটির ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
• স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২)’ প্রকল্প—এখানে ১১৮ কোটি ৯১ লাখ টাকা ব্যয় বাড়িয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ২১৩ কোটি ৭০ লাখ টাকা।
• একই মন্ত্রণালয়ের ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন’ প্রকল্প—এটিরও ব্যয় না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top