চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
এর মধ্যে ১০ জন হামের উপসর্গ নিয়ে এবং একজনের ক্ষেত্রে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১২৮ জনের মৃত্যু হয়েছে। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। একই সময়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে। এর মধ্যে ১ হাজার ৩৯৮ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, নতুন আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে ৪৯৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগে ২২৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন নতুন রোগী পাওয়া গেছে।
মৃত্যুর সংখ্যাতেও ঢাকা বিভাগ এগিয়ে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৬৪১ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৮৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত মোট ৪ হাজার ৬৩৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকা জেলায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিবিড়ভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





