উপদেষ্টার আশ্বাসে বন্দরে শ্রমিক কর্মবিরতি ২ দিনের জন্য স্থগিত

চাটগাঁ নিউজ ডেস্ক: নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের চলমান কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বন্দর ভবনের বার্থিং রুমে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা। তবে এ বৈঠকে বন্দর চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানান, বৈঠকে নৌপরিবহন উপদেষ্টা শ্রমিকদের দাবিগুলো সরকারের কাছে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে জারি করা শাস্তিমূলক বদলি আদেশ স্থগিত রাখার কথাও বলেছেন।

এই আশ্বাসের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়। ফলে দীর্ঘ সময় ধরে স্থবির থাকা বন্দরের কার্যক্রমে ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করে।

হুমায়ুন কবীর আরও জানান, রমজান মাস ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী শুক্রবার ও শনিবার কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে উপদেষ্টা আশ্বস্ত করেছেন। তবে শনিবারের মধ্যে সিদ্ধান্ত না এলে রোববার থেকে পুনরায় কর্মসূচি শুরুর ঘোষণা দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে নৌপরিবহন উপদেষ্টা বন্দর ভবনে পৌঁছালে তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, তিনি তাদের কথা শুনবেন এবং দেশের কোনো ক্ষতি হোক—এমন কিছু চান না।

পরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক না করেই উপদেষ্টা বন্দর ভবন ত্যাগ করলে শ্রমিকরা বন্দর এলাকায় মিছিল ও বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিক নেতাদের একটি ক্লাবে বৈঠকের প্রস্তাব দেওয়া হলে তারা তা প্রত্যাখ্যান করে বন্দর ভবনেই বৈঠকের দাবি জানান এবং সেখানে বন্দর চেয়ারম্যানের উপস্থিতি না থাকার শর্ত দেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি প্রক্রিয়া বন্ধের দাবিতে গত শনি ও সোমবার প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়ে তা টানা আন্দোলনে রূপ নেয়।

এই কর্মবিরতির ফলে জাহাজ ওঠানামা, আমদানি পণ্য ডেলিভারি, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। পাশাপাশি রপ্তানি পণ্যের শিপমেন্টও স্থগিত থাকে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করে বন্দর ব্যবহারকারীরা সরকারের প্রতি দ্রুত আলোচনার আহ্বান জানায়। এর পরদিনই নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে আসেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top