উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে ৫টি পরিবারের মোট ৬ জন রোহিঙ্গা সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মিনারা বেগম (২৯), নুর বেগম (২৫), ইসমত আরা (১৮), নাজিম উদ্দিন, হাসনা (৫) এবং আনোয়ার (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টিপাতের মধ্যে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আঘাতে নিজ নিজ বসতঘরে থাকা এসব রোহিঙ্গা সদস্য আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন আইওএম হাসপাতালে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আকস্মিক বজ্রপাতের ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।
৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে এপিবিএন সদস্যরা কাজ করছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন





