উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস দমন, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে পৃথক দুটি বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। তবে এসব অভিযানে কোনো সন্ত্রাসী আটক বা অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বালুখালী আর্মি ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ইস্টের এবিসি ও এফ ব্লকের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ এপিবিএন ও ১৪ এপিবিএনের তত্ত্বাবধানে র্যাব, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী বিভিন্ন দলে বিভক্ত হয়ে ক্যাম্পের বিভিন্ন ব্লকে অভিযান চালায়। তবে অভিযানে কোনো সন্ত্রাসী আটক বা অবৈধ অস্ত্র উদ্ধার করা যায়নি।
অন্যদিকে, একই দিন বিকেলে ক্যাম্প-৮ ওয়েস্টের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প এলাকায় আরও একটি বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়। ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার তয়াছির জাহান বাবুও উপস্থিত ছিলেন। এ অভিযানে কোনো ধরনের উদ্ধার বা গ্রেফতারের ঘটনা ঘটেনি।
৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ক্যাম্পে নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে এসব কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন





