উখিয়ায় সেহরির সময় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় সেহরির সময় এক গৃহবধূকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রজিদা আক্তার (২৫)। তিনি পালংখালী ইউনিয়নের কেদারখোলা এলাকার নুরুল বশরের মেয়ে এবং শফিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সেহরির সময় একদল দুর্বৃত্ত রজিদা আক্তারের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় নিহতের স্বামী শফিক কাজের প্রয়োজনে বান্দরবানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল হক মেম্বার জানান, এলাকাবাসীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। সেহরির সময় সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top