চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে যারা আটক হলেন—শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ‘জুলু ডাকাত’ ওরফে জুলু প্রকাশের ছেলে আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং তাদের আরেক সহযোগী। তৃতীয় ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সেনাবাহিনী সূত্র জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, দুটি রাইফেলের ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড পিস্তলের গুলি, দুটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, দুটি দেশীয় অস্ত্র এবং দুটি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে উখিয়া ও আশপাশের এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ রাতেই উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





