উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুইজন কথিত শীর্ষ সন্ত্রাসী ও এক মাদক কারবারিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাঁদের হেফাজত থেকে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মোহাম্মদ আমিন ওরফে জুলু, তাঁর সহযোগী জানে আলম এবং আরও একজন সহযোগী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত রাখতে চলমান নিরাপত্তা তৎপরতার অংশ হিসেবে বুধবার ভোরে বালুখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি আস্তানা ঘিরে ফেললে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে আটককৃতদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, তিনটি দেশীয় তৈরি বন্দুক, তিনটি ম্যাগাজিন, ৯৫ রাউন্ড গুলি এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোহাম্মদ আমিন ওরফে জুলুর বিরুদ্ধে মাদক ব্যবসা, অস্ত্র পাচার, ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন





