উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
এ ঘটনায় শহীদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৪ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইনানী মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে দুই আরোহীর মধ্যে একজন একটি ব্যাগ ফেলে পাশের ঝাউবনে পালিয়ে যায়। অপরজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
আটক শহীদ হোসেন টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়া এলাকার বাসিন্দা।
জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, উপকূলীয় এলাকায় মাদক চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, কোস্টগার্ডের মাধ্যমে আটক ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





