চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় সংলগ্ন কাকড়া ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, টেকনাফগামী ‘পালকী পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুতুপালংমুখী একটি টমটমকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। দুর্ঘটনায় টমটমে থাকা আরও কয়েকজন যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ ফিল্ড হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠান। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। এদিকে খবর পেয়ে শাহপুরী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও টমটম জব্দ করে থানায় নিয়ে যায়।
শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
চাটগাঁ নিউজ/এমকেএন





