উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, ডাম্পার জব্দ

উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত উপজেলার উত্তর পুকুরিয়ার কালুরপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। শুক্রবার ভোররাতে পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে বনবিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়।

অভিযানে ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, বন বিভাগের কর্মী আবদুল কায়ুম, ইসমাইল হোসেন, আলী আহম্মদ, ইলিয়াস হোসেনসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, পাহাড় কাটা ও অবৈধভাবে মাটি পাচার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। বনভূমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে বনবিভাগ কঠোর অবস্থানে রয়েছে। পাহাড়খেকুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাহাড় কেটে মাটি পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বন ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এসএ

Scroll to Top