উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এর ফলে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের সড়কের দুই পাশে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও স্থাপনা ভেঙে ফেলা হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুতুপালং বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছিল। জনদুর্ভোগ কমানো এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলে। এতে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা এবং সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় জনগণ সহযোগিতা করেন।
উচ্ছেদ কার্যক্রম শেষে বাজারে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয়রা মনে করছেন, নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে কুতুপালং বাজারের যানজট পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব।
কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জহির আহমেদ বলেন, আমরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে ভবিষ্যতে যেন আবার কেউ অবৈধভাবে দখল করতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শুধুমাত্র উচ্ছেদ অভিযানই যথেষ্ট নয়; স্থায়ীভাবে যানজট নিরসনে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন





