উখিয়ায় দখলমুক্ত হলো ৩০ একর বনভূমি

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩০ একর সরকারি বনভূমি জবরদখলমুক্ত করেছে বন বিভাগ। এ সময় বনভূমিতে নির্মিত সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধুরছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মধুরছড়া এলাকায় দীর্ঘদিন ধরে বনভূমির একটি বড় অংশ অবৈধ দখলে থাকার অভিযোগ ছিল স্থানীয় কথিত হেডম্যান ইব্রাহীম ও তার ভাই ওমর ফারুকের বিরুদ্ধে। তারা সেখানে স্থাপনা নির্মাণসহ দখল কার্যক্রম অব্যাহত রাখে। পরে আজকের অভিযানে তাদের নির্মিত সাতটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানের নেতৃত্বে অভিযানে দৌছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনিসহ বিভিন্ন বিটের কর্মকর্তা-কর্মচারী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা অংশ নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, সরকারি বনভূমি অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মধুরছড়া এলাকায় প্রায় ৩০ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। বনভূমি দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি বনভূমি রক্ষা এবং অবৈধ দখল উচ্ছেদে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top