উখিয়ায় খাল থেকে অবৈধ বালু উত্তোলন: জরিমানা ৫০ হাজার টাকা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাসিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টে দেখা যায়, ড্রেজারের মাধ্যমে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় পূর্ব পাইন্যাসিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ বাহাদুর আলম (৫০)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থে এ ধরনের অপরাধের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top