উখিয়ায় কুতুপালং ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন ময়লা-আবর্জনার স্তূপের পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় রোহিঙ্গারা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ১৪ এপিবিএন-এর কুতুপালং পুলিশ ক্যাম্পকে অবহিত করেন।

খবর পেয়ে কুতুপালং পুলিশ ক্যাম্প বিষয়টি উখিয়া থানাকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত শিশুর নাম নূর হালিমা (৩)। তিনি একই ক্যাম্পের নূর আলমের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top