উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া সীমান্তে আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘটিত এ বিস্ফোরণে মোহাম্মদ ইউনুছ (২৬) নামের এক রোহিঙ্গা যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিআরএম-১৯ পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গত ১৭ দিনের ব্যবধানে উখিয়ার বালুখালী ও পালংখালী সীমান্ত এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে অন্তত চারজন রোহিঙ্গা পা হারিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ওই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে আগে থেকেই স্থলমাইন পুঁতে রাখা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছিল। মাঝেমধ্যে বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। জীবিকার তাগিদে অনেকেই মাছ ধরা বা অন্যান্য কাজে ঝুঁকি নিয়ে সীমান্তবর্তী এলাকায় যাতায়াত করেন, যা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
আহত ইউনুছ উখিয়ার থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি-২ ব্লকের বাসিন্দা সবুর হকের ছেলে।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন





