উখিয়ায় অভিযানে বন্দুকসহ যুবক আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা বন্দুকসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

সোমবার (৩০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটক যুবকের নাম মো. নাসির (১৮)। তিনি একই ইউনিয়নের মুছারখোলা এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। তবে এ সময় মিজান (১৯) নামের আরেকজন পালিয়ে যায়। তিনিও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজাদ জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top