চাটগাঁ নিউজ ডেস্ক: মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ঈদ। সারা দেশে বইছে উৎসবের আমেজ। এমন দিনে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররা।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৫ আগস্টের পর থেকে আড়ালেই ছিলেন। মাঝে মধ্যে ক্রিকেট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখলেও খুব বেশি সরব ছিলেন না। এবার ঈদের দিন কিছুটা আক্ষেপ নিয়েই ফেসবুকে লিখেছেন, ‘মনে রাখা এবং ভুলে যাওয়া সবাইকে জানাই, ঈদ মোবারক।’
সাবেক অধিনায়ক তামিম ইকবালও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’
যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন সাকিব আল হাসান।
শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনার দিনটি আনন্দ, ভালোবাসা আর সুস্বাদু খাবারের প্রাচুর্যে ভরে উঠুক। এই বিশেষ দিনটি হোক আপনার মতোই সুন্দর ও উজ্জ্বল।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মুশফিকুর রহিম এখনো টেস্ট দলের সদস্য। ঈদের জামাতে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম (تقبل الله منا ومنكم)। আল্লাহ আমাদের এবং আপনাদের (সবার) নেক আমল কবুল করুন। ঈদ মোবারক।’
মাহমুদউল্লাহ তার বার্তায় বলেন, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ঈদ মোবারক!’
পারভেজ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ঈদ মোবারক—প্রার্থনা করি সুখ, সমৃদ্ধি আর হাসিতে ভরে থাকুক প্রতিটি ঘর।’
টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয় সংক্ষিপ্ত বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন, ‘ঈদ মোবারক।’
আফিফ হোসেন লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক। কৃতজ্ঞতা, আত্মসমালোচনা ও আনন্দ উদ্যাপনের এক পবিত্র দিন। সর্বদা আপনার মঙ্গল ও কল্যাণ কামনা করি।’
তরুণ পেসার নাহিদ রানা লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক। এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও সাফল্য। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীও শুভেচ্ছা জানিয়েছেন, ‘সবার প্রতি ঈদ মোবারক। এই আনন্দঘন মুহূর্তগুলোকে আগলে রাখুন। ভালোবাসা ছড়িয়ে দিন সবার মাঝে।’
চাটগাঁ নিউজ/এমকেএন





