ঈদের নাটক ‘ত্রিনয়ন’ অন্ধ আরজেকে খুঁজতে গিয়েই প্রেম খুঁজে পেল তরুণী

চাটগাঁ নিউজ ডেস্ক : ঈদ আয়োজনে ফানুস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বিশেষ রোমান্টিক নাটক ‘ত্রিনয়ন’। রাফসান ইমতিয়াজ ও নুসরাত প্রীয়সী অভিনীত এই নাটকটি ইতিমধ্যেই দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

নাটকটির গল্প নির্মাতারা সাজিয়েছেন এক ভিন্ন আঙিকে। গল্পে ছেলেটি অন্ধ, অপরদিকে মেয়েটি দেখতে পায়। মেয়েটি স্থানীয় একটি রেডিওর অনুষ্ঠান শুনে আরজে-এর প্রেমে পড়ে যায়। কিন্তু কখনো দেখা হয়নি তাদের। বারবার দেখা করার কথা থাকলেও নানা প্রতিকূলতায় তা আর হয়ে ওঠে না।

শুধু অপেক্ষা আর আকাঙ্ক্ষার মধ্য দিয়েই তাদের মাঝে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব। কিন্তু মেয়েটি জানে না, যে কণ্ঠের প্রেমে সে পড়েছে, তার মালিক দেখতে পান না কিছুই। গল্প এগিয়ে যায় মেয়েটির অন্য এক অন্ধ বন্ধুকে নিয়ে, যে তাকে ওই আরজেকে খুঁজতে সাহায্য করে। একপর্যায়ে মেয়েটি আবিষ্কার করে—যে অপরিচিত মানুষের সাথে তার প্রেম, সে আসলে অন্ধ! এই টুইস্টই নাটকটির মূল আকর্ষণ।

জিকু চৌধুরীর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন জিকু চৌধুরী ও অনন্ত শান্ত। এতে আরও অভিনয় করেছেন আনোয়ার শাহী, অনিতা আকিলসহ আরো অনেকে

নির্মাতারা জানিয়েছেন, প্রেম, বন্ধুত্ব আর অদেখার এক অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে আসা ‘ত্রিনয়ন’ দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে তারা আশাবাদী।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top