চাটগাঁ নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ শুক্রবার (১৩ মার্চ) থেকে শুরু হয়েছে বিশেষ ব্যবস্থার ট্রেনযাত্রা। ঈদ যাত্রার প্রথম দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এদিকে, ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার (১৩ মার্চ) থেকে ঈদ শেষে ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।
জানা গেছে, ভোর থেকে ট্রেনের অগ্রিম টিকিটের ঈদযাত্রা শুরু হয়। ভোর ৪টা ২০ মিনিট থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে প্রথম ঈদযাত্রা শুরু করে পর্যটন এক্সপ্রেস। সকাল ৫টা ৪০ এ একই গন্তব্যে ছেড়ে যায় সৈকত এক্সপ্রেসও। সকাল ৬টা ও ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় চট্টলা ও সুবর্ণ এক্সপ্রেস। ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস। ময়মনসিংহের উদ্দেশ্যে ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায় বিজয় এক্সপ্রেস। কর্ণফুলী এক্সপ্রেস ৯টা ৫৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন ১১টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে বলেন, এবারের ঈদে ঘরমুখো যাত্রীদের মাঝে প্রতিদিন পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনের ৮ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুসারে ২৩ মার্চের টিকিট বিক্রি হবে আজ ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট বিক্রি হবে আগামীকাল ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট বিক্রি হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট বিক্রি হবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট বিক্রি হবে ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন–এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।
চাটগাঁ নিউজ/এসএ





