ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামি জুনাইদ গ্রেফতার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মো. জুনাইদ (২৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (৪ মার্চ) গভীর রাতে ঈদগাঁও থানার পুলিশের একটি আভিযানিক দল মহেশখালী উপজেলার পানিছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

গ্রেফতারকৃত মো. জুনাইদ ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আউলিয়াবাদ গ্রামের সোলতান আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার আবু তাহের (৬০) কে ছুরিকাঘাত করে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে জুনাইদ। এ ঘটনায় দায়ের করা মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহেশখালী থানার পানিছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে ওই রাতেই তাকে ঈদগাঁও থানায় নিয়ে আসা হয়।

ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top