ঈদগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ঈদগাঁও থানা পুলিশের একটি দল উপজেলার পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলী থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত শওকত ওসমান মিছবাহ পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলী গ্রামের আবদুল হাকিমের পুত্র।

স্থানীয় ওয়ার্ড মেম্বার (সাবেক) কলিম উল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছবাহ কক্সবাজারে থাকতেন। এদিন সন্ধ্যায় সে বাড়িতে আসে। রাত ৮ টার দিকে তার ছোট ভাই বাড়িতে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেয়। মিছবাহ ইতিমধ্যে বিদেশ যেতে পাসপোর্ট -ভিসা এমনকি মেডিকেলও সম্পন্ন করেছে বলে শুনেছি।

ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজিমুল হক জানান, বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

চাটগাঁ নিউজ/সেলিম/এসএ

Scroll to Top