ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া রাজঘাট এলাকার একটি মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গজালিয়া রাজঘাট এলাকায় মোস্তফা কামালের মালিকানাধীন একটি মাছের প্রজেক্টে প্রথমে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলের আশপাশে ভিড় জমায়।
স্থানীয় বাসিন্দা সোনা মিয়া জানান, মরদেহটি কামাল ও দিদারের মালিকানাধীন প্রজেক্ট এলাকায় পড়ে ছিল এবং লাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। তিনি আরও জানান, মৃত ব্যক্তির গলা ও চোখের কাছে আঘাতের চিহ্ন দেখা গেছে।
মাছের প্রজেক্টের মালিক মোস্তফা কামাল বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকেই আমি বিষয়টি জানতে পারি। তারা জানায়, আমার প্রজেক্টে একটি লাশ ভাসছে। তবে লাশটি কার এবং কীভাবে সেখানে এলো, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন





