ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও-এ চিংড়ি ঘের মালিক মোস্তফা কামাল হত্যা মামলায় নিহতের মা আম্বিয়া বেগম বাদী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। একই দিন বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের দাফন সম্পন্ন হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আশরাফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে আটক ঘাতক সোলেমান বাদশা (২৮) ও তার পিতা শাহীনুর মিস্ত্রি প্রকাশ সাধনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মামলার সূত্র ধরে প্রশাসন চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী এলাকায় মাছ ও কাঁকড়া ঘেরের লেনদেনসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ঘের মালিক মোক্তার আহমদের ছেলে মোস্তফা কামালকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, একই এলাকার শাহীনুর মিস্ত্রীর ছেলে সোলেমান বাদশার নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ঘটনার পরপরই জনতার সহায়তায় পুলিশ পিতা-পুত্রকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন





