ঈদগাঁওয়ে চা দোকানে বসে অনলাইনে জুয়া, গ্রেপ্তার ৫

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে চা দোকানে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) ভোর রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা এলাকা থেকে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ইউনিয়নের দরগাহপাড়া এলাকার নুরুল কবীরের ছেলে মফিজুর রহমান, মনির আহমদের ছেলে সোহেল, মোক্তার আহমদের ছেলে ইব্রাহিম, জাগিরপাড়া এলাকার শফিউল আলমের ছেলে মুসা আলম এবং খোরশেদ আলমের ছেলে মিজানুর রহমান।

ঈদগাঁও থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, ভাদিতলা এলাকার একটি চা দোকানে বসে তারা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছিলেন। টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

পরে একই দিন দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top