ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল্লাহ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শহিদুল্লাহ পূর্ব পোকখালী দক্ষিণ পাড়ার এনামুল হকের ছেলে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান, মুসলিম বাজার সংলগ্ন নূর আলমের ফার্মেসির সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শহিদুল্লাহকে আটক করা হয়।
পরে ধৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনে ব্যবহৃত ১২টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন





