ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে সক্রিয় আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি চোরাই ইজিবাইক।
শনিবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
তিনি জানান, উপজেলার ঈদগাঁও বাসস্টেশনে পার্কিং করা একটি ইজিবাইক চুরির ঘটনায় ভুক্তভোগী আবু নাছির বাপ্পী থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত ঘটনাস্থলের আশপাশে বিশেষ অভিযান চালিয়ে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের আলী আহমদের ছেলে মো. রায়হান (২০) এবং ইসলামপুর ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. ইমরান (২৩)।
ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন





