ঈদগাঁওয়ে আচরণবিধি লঙ্ঘন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন রোধে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত ঈদগাঁওয়ের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল কাদের এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে ঈদগাঁও বাস স্টেশন থেকে শুরু করে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেওয়ালে লাগানো রঙিন পোস্টার অপসারণ করা হয়। আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘনের দায়ে এসব রঙিন নির্বাচনী পোস্টার খুলে ছিঁড়ে নষ্ট করে দেওয়া হয়।

এ সময় কক্সবাজার মডেল থানা ও ঈদগাঁও থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানায়, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং আচরণবিধি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top