ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে মুক্তি

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সশস্ত্র ডাকাতদলের কবলে পড়ে অপহৃত দুই মোটরসাইকেল আরোহী প্রায় তিন ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে গভীর রাতে মুক্তি পেয়েছেন।

মুক্তিপ্রাপ্তরা হলেন- পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারিচ বনিয়া গ্রামের সেকান্দরের ছেলে আব্দুর হাকিম এবং ৯ নম্বর ওয়ার্ডের তুফান আলী পাড়ার মোস্তাক আহম্মদের ছেলে আব্দুল জব্বার। তারা দুজনেই পেশায় রাবার শ্রমিক।

অপহরণের শিকার আব্দুল জব্বারের বাবা মোস্তাক আহম্মদ জানান, ডাকাতদল অর্ধলক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের নির্দেশনা অনুযায়ী ঈদগাঁও ভোমরিয়াঘোনা বনবিট সংলগ্ন পাহাড়ি এলাকায় টাকা পৌঁছে দিলে গভীর রাতে অপহৃতদের ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, অপহরণের পর ডাকাতরা তাদের মারধর করে, ফলে দুজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে। ওই সময় চারজন মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হিমছড়ি ঢালায় সশস্ত্র ডাকাতদলের মুখোমুখি হন। এ সময় দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি দুজন অপহরণের শিকার হন।

ঘটনার পরপরই খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদারের নেতৃত্বে ঈদগাঁও থানা এবং রামু থানার ঈদগড় ফাঁড়ির পুলিশ অভিযান চালায়। তবে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়েও অপহৃতদের উদ্ধার করতে পারেনি পুলিশ। পরে মুক্তিপণ পরিশোধের মাধ্যমে অপহৃতরা মুক্তি পান।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top