ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে এক নারীকে অপহরণ, ধর্ষণ ও স্বর্ণ চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাঈম উদ্দীন (২২)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) রাতে চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রাতে ভুক্তভোগী নারীকে অপহরণ করে চট্টগ্রামের একটি হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় তার ব্যবহৃত প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে অভিযুক্তরা।

ঘটনার পর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত সাঈম উদ্দীন আত্মগোপনে চলে যায়।

শনিবার রাতে তদন্তকারী কর্মকর্তা ঈদগাঁও থানা পুলিশের এসআই মুজিবুর রহমান ও এসআই মো. আজিমুল হকের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি সাঈম উদ্দীনকে গ্রেফতার করে। সে ওই এলাকারই বাসিন্দা।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top