ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণে আইএসডিবির ঋণচুক্তি সই
প্রায় ১০০ কোটি ৪৩ লাখ ডলার ঋণ দেবে সংস্থাটি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন অপরিশোধিত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১,০০৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১০০ কোটি ৪৩ লাখ ডলার অর্থায়নের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) সঙ্গে ঋণচুক্তি করেছে বাংলাদেশ সরকার।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে সই করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুও চুক্তি সইয়ের তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন অপরিশোধিত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণে এ অর্থায়ন দেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এতে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পূরণ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানির ওপর দেশের নির্ভরতা কমবে। একই সঙ্গে জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা আরও জোরদার হবে।

এক দশকেরও বেশি সময় ধরে আলোচনায় থাকা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ প্রকল্পটি অর্থায়ন ও বাস্তবায়নসংক্রান্ত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে বিলম্বিত হচ্ছে। দ্বিতীয় ইউনিট নির্মাণের পরিকল্পনা প্রথম করা হয় ২০১০ সালে। তবে অর্থায়ন ও বাস্তবায়নের বিভিন্ন জটিলতায় প্রকল্পটি বারবার পিছিয়েছে।

প্রকল্পটি ২০৩০ সালের নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ইউনিট চালু হলে দেশের অভ্যন্তরীণ তেল পরিশোধন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং পরিশোধিত জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।

এর আগে গত জুনে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আইএসডিবির নির্বাহী পরিচালনা পর্ষদের ৩৬৭তম সভায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১,০০৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন দেওয়া হয়।

২ থেকে ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের অংশ হিসেবে আইএসডিবি প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আল জাসেরের সফরকালে এ ঋণচুক্তি সই হলো। উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে এবং সরকারি উন্নয়ন কর্মসূচিতে অংশ নিতে বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকায় আসেন তিনি।

চুক্তি সই অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসডিবি গ্রুপের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

চুক্তি সই শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএসডিবি গ্রুপের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আল জাসের। এ সময় বাংলাদেশ ও আইএসডিবির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্ব, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ ও অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আগামী দিনে বাংলাদেশ ও আইএসডিবির মধ্যকার সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top