ইসরায়েলে ১৫১.৮ মিলিয়ন ডলারের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলারের গোলাবারুদ ও সংশ্লিষ্ট সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ইসরায়েলের কাছে অবিলম্বে এই অস্ত্র সরবরাহ করা প্রয়োজন। পররাষ্ট্র দফতর জানায়, তিনি মনে করেছেন এই বিক্রি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল এক হাজার পাউন্ড ওজনের ১২ হাজার সাধারণ উদ্দেশ্যের বোমার খোলস চেয়েছিল। এসব অস্ত্র সরবরাহের প্রধান ঠিকাদার হবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রেপকন ইউএসএ।

তবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই জরুরি ক্ষমতা ব্যবহার করে এই সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস। এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন বারবার দাবি করেছে যে তারা এই যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি ক্ষমতা ব্যবহার করা ভিন্ন চিত্র তুলে ধরে। এটি আসলে ট্রাম্প প্রশাসনের নিজেদের তৈরি করা সংকট।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ বিমান হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালায়।

এর আগেও কংগ্রেসের পূর্ণ পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রশাসনগুলো। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় এ ধরনের সহায়তা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দেয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top