চাটগাঁ নিউজ ডেস্ক: ইরান থেকে দেশে ফিরেছেন ১৮৬ জন বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, তাদের প্রচেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যাহ ভূঁইয়া এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটকে পড়া বাংলাদেশিদের তেহরান থেকে সড়কপথে আজারবাইজান সীমান্তে নেওয়া হয়। সেখান থেকে বাকু পর্যন্ত নিয়ে গিয়ে পরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরানো হয়।
প্রত্যাবাসন কার্যক্রম তদারকিতে দায়িত্ব পালন করেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এছাড়া ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাও বাকুতে অবস্থান করে সহায়তা করেন।
এর আগে গত বছর জুনে ইরানে যুদ্ধ পরিস্থিতির সময়ও বাংলাদেশি নাগরিকদের বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ





