চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে প্রায় দুইশ বা তার কিছু বেশি নাগরিককে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইরান থেকে এসব বাংলাদেশিকে প্রথমে সড়কপথে সীমান্ত পার করে আজারবাইজানে নেওয়া হবে। এরপর রাজধানী বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় আনা হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকেই এই প্রত্যাবাসন কার্যক্রম শুরু হতে পারে।
এ প্রক্রিয়া তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজানে যাচ্ছেন। পাশাপাশি, প্রত্যাবাসন কার্যক্রমে সহায়তা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দুইজন কর্মকর্তা ইতোমধ্যে ঢাকায় থেকে বাকুর উদ্দেশে রওনা হয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে ইরানে সংঘাতময় পরিস্থিতির কারণে আটকে পড়া বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এবারও একই ধরনের জরুরি উদ্যোগ নিয়েছে সরকার।
চাটগাঁ নিউজ/এমকেএন





