আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান।
রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে এ তথ্য প্রচার করা হয়। তার মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে তার স্মরণে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা দাবি করেছিলেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরানে চালানো হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। সরকারি বিবৃতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তারা এই দাবি করেন।
প্রাথমিকভাবে ইরানি কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি এবং তেহরানের কর্মকর্তারা বলেছিলেন, যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত খামেনি জীবিত থাকতে পারেন। তবে পরে রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষণায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে এনবিসি নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের উচ্চপর্যায়ের নেতৃত্বের বড় অংশ হামলায় নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও দাবি করেছে, হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন। তবে এসব দাবিও এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, ৮৬ বছর বয়সী খামেনি তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু ছিলেন। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং জাতীয় নিরাপত্তা নীতিতে তিনি চূড়ান্ত কর্তৃত্ব প্রয়োগ করে আসছিলেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





