বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় হামের উপসর্গ নিয়ে চাংমুম ম্রো (৮) নামে আরো এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ইয়াংরিং মাংক্রাত পাড়ার প্রেন্নই শিক্ষালয়ের ব্যবস্থাপনা পরিচালক উথোয়াইংগ্য মার্মা বিষয়টি নিশ্চিত করেন।
নিহত চাংমুম ম্রো আলীকদম উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের রুইতন পাড়ার বাসিন্দা পাসং ম্রোর মেয়ে এবং কুরুকপাতা ইয়াংরিং মাংক্রাত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ আগে শিক্ষালয়ের হোস্টেলে থাকা কয়েকজন শিক্ষার্থীর শরীরে ঘামাচির মতো লালচে ফুসকুড়ি ও উচ্চ জ্বর দেখা দেয়।
পরবর্তীতে একই ধরনের উপসর্গে হোস্টেলের প্রায় ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী আক্রান্ত হয়। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে অধিকাংশ শিক্ষার্থীকে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
উথোয়াইংগ্য মার্মা জানান, আক্রান্ত হওয়ার দিন রাতে চাংমুমের জ্বর বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে প্রায় ৭ কিলোমিটার হেঁটে দড়িপাড়া এলাকায় পৌঁছানো হলেও কোনো যানবাহন না পাওয়ায় সেখানেই তার অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
তিনি আরো জানান, একই উপসর্গে আক্রান্ত আরো কয়েকজন শিশু বর্তমানে আলীকদম ও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, এসব উপসর্গ হাম রোগের সঙ্গে সংগতিপূর্ণ।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. হাসান বলেন, ‘বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
চলতি মাসে এ ধরনের উপসর্গে মোট ২৩ জন ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। নতুন রোগীও প্রতিনিয়ত আসছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন





