আরব সাগরে নজরদারি করছিল ইরানি ড্রোন, ধ্বংস করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী।

এ ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের (সেন্টকোম) মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কাছে অবস্থান করা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করেছে। ড্রোনটি জাহাজের দিকে ধেয়ে আসছিল, তবে আঘাত হানার আগে এটি ধ্বংস করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

ইরানের অনলাইন সংবাদমাধ্যম তাসনিম নিউজও প্রতিবেদনে উল্লেখ করেছে, একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরে উড়ে বেড়াচ্ছিল এবং মার্কিন নৌবাহিনী সেটি ভূপাতিত করেছে। তবে কী কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা জানানো হয়নি।

রয়টার্স জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার খবরের পর তারা জাতিসংঘের ইরান মিশনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ মন্তব্য করতে রাজি হননি।

গেল জানুয়ারির প্রথম সপ্তাহে ইরানে তীব্র সরকারবিরোধী আন্দোলনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ মধ্যপ্রাচ্যের উদ্দেশে বড় নৌবহর রওনা হয়েছিল। এ নৌবহর বর্তমানে আরব সাগরে অবস্থান করছে।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে ওয়াশিংটন ও তেহরানের সরকারি প্রতিনিধিদের বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বৈঠক শুরু হওয়ার কথা।

প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা প্রায় দুই যুগ ধরে চলছেই।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top