চাটগাঁ নিউজ ডেস্ক: জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ১ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুজিবুল হক চৌধুরী (৫৬) বাঁশখালী উপজেলার ১০ নম্বর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রেজাউল করিম রনি জানান, আসামি তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখেন, যা আইনে শাস্তিযোগ্য অপরাধ।
মামলার নথি অনুযায়ী, মুজিবুল হক চৌধুরীর মোট সম্পদ ও ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৩২ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১ কোটি ২১ লাখ ২৭ হাজার ৮১৮ টাকা। ফলে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার সম্পদের কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক।
এ ঘটনায় ২০২৩ সালের ২৮ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এ মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলে ২০২৫ সালের ৩ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





