‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো’

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে বড়পর্দায় ‘দম’ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এবার প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত এই সিনেমার ফার্স্ট লুক।

রোববার (৮ মার্চ) সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ‘দম’ সিনেমার শ্বাসরুদ্ধকর ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুক।

টিজারজুড়ে উদ্বেগ, নির্যাতন আর সংগ্রামে ঘেরা এক চিত্র ফুটে উঠেছে। দেখা যায়, এক দুর্ঘটনার পর পাহাড় আর মরুর বুকে আতঙ্ক নিয়ে দিশেহারা হয়ে হাঁটছেন নিশো। এ সময় একদল অস্ত্রধারী তাকে আটক করে। পুরোটা সময় নিশোর ক্লান্ত, রুগ্ন, উদ্বিগ্ন ও ভীত লুক দর্শকদের মনে সৃষ্টি করেছে একঝাঁক প্রশ্ন।

সংলাপহীন এই টিজারে বিভিন্ন লোমহর্ষক দৃশ্যের মাধ্যমে এক টান টান উত্তেজনা সৃষ্টি করেছে নির্মাতা।

অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্কের ছাপ। চঞ্চল চৌধুরীকেও দেখা গেছে বন্দি রূপে।

পুরো টিজারে একটি সংলাপ, সেটিও একদম শেষে আফরান নিশোর কণ্ঠে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো’

সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি। সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

নির্মাতা বলেন, ‘দম এখন আর আমাদের সিনেমা নেই, এটা এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্টলুক টিজার সিনেমাটির একটি সারাংশ মাত্র। এর আগে এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা হয়েছে কিনা আমার জানা নেই। তার কিছু আভাস হয়তো দর্শকরা টিজারে পেয়েছেন। এই শ্বাসরুদ্ধকর যাত্রায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করি।’

আফরান নিশো বলেন, ‘দম একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে।’

পর্দায় অভিনেত্রী পূজা চেরীর চরিত্রের নাম ‘রানি’। তিনি বলেন, ‘টিজারে রানি চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে, যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটির প্রভাব নূরের কাছে কতখানি সেটা জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। রানি চরিত্রটি রানির মতোই বিরাজ করে সিনেমায়।’

‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ (শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত) ট্যাগলাইনে দম সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top