আমিরাতে ১৩৭ ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ওপর নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইরান। রোববার সকালে শুরু হওয়া এই ‘ষষ্ঠ দফার’ অভিযানে তেহরান আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে শত শত মিসাইল ও ড্রোন ছুড়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান একযোগে ১৩৭টি মিসাইল এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের আঘাত হেনেছে। ইরানের এই প্রতিশোধমূলক হামলার প্রভাবে পুরো অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

হামলার শিকার হয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিসেবে পরিচিত আবু ধাবি বিমানবন্দর। সেখানে একটি ড্রোন বা মিসাইল আঘাত হানলে এখন পর্যন্ত ১ জন নিহত এবং ৭ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিমানবন্দর এলাকায় হামলার ফলে আন্তর্জাতিক বিমান চলাচলেও বড় ধরণের বিঘ্ন ঘটেছে। অন্যদিকে দুবাই থেকেও বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সিএনএন-এর প্রতিনিধিরা স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

দুবাইয়ের বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হলেও সেটির ধ্বংসাবশেষ সরাসরি দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলিতে গিয়ে পড়ে। এর ফলে বন্দর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। স্থানীয় দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের পরিকল্পিত হামলার অংশ এবং তারা আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদে শুধু আমিরাত নয়, ইসরায়েলেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সেখানে তাদের হামলায় ৪০টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে বলে জানা গেছে। খামেনি হত্যার এই শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানেও। কাশ্মীরে লাখো মানুষ রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। অন্যদিকে পাকিস্তানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার একাংশে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top