চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাড়িতে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাঈদ আল নোমান।
এ সময় তিনি বলেন, আমার বাবা আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং আমৃত্যু চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেম ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, মরহুম আবদুল্লাহ আল নোমান অত্যন্ত বিনয়ী, প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ ছিলেন। তিনি কর্মীদের কাছে বিপদের বন্ধু এবং চট্টলার মানুষের কাছে সর্বজনীন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, নগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুমের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





