চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার চাতরী চৌমুহনীতে এ সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি সরোজ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হকের সঞ্চালনায় সভায় কিন্ডার গার্টেন স্কুলের শৃঙ্খলা ও মানোন্নয়নের লক্ষ্যে ৬টি গুরুত্বপূর্ণ বিষয়সহ ১১টি প্রস্তাবনা নিয়ে বিশদ আলোচনা শেষে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো- সরকার ঘোষিত শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি কার্যকর করা, শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, স্কুল নিবন্ধনের প্রস্ততি গ্রহণ, বছরে একবার সুবিধাজনক সময়ে প্রীতি সম্মিলন ও শিক্ষা সফরের আয়োজন, এসোসিয়েশনের বাইরের স্কুলগুলোকে অন্তর্ভুক্তি ও নিয়মিত সভা আহ্বান।
এছাড়াও চলতি মার্চ মাসের মধ্যে বকেয়া ও চলতি সদস্য ফি আদায়, ঈদের পর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভাপতির বক্তব্যে সরোজ আহমেদ বলেন, আধুনিক ও যুগোপযোগী মানসম্মত পাঠদানের মাধ্যমে আনোয়ারা উপজেলার প্রতিটি কিন্ডার গার্টেন স্কুল মেধাবী জাতি গঠনে বিরাট ভূমিকা রাখছে। স্কুল কর্তৃপক্ষ নামেমাত্র টিউশন ফি নিয়ে প্রতি মাসে ভর্তুকি দিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে স্কুলগুলো পরিচালনা করে আসছে। কিন্তু শিক্ষা অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারি নানা অজুহাতে বই বিতরণ থেকে শুরু করে যেকোনো দাপ্তরিক কাজে স্কুল কর্তৃপক্ষকে হয়রানি করছে। যা শিক্ষা প্রসারে বিরাট অন্তরায়।
যেকোনো অন্যায় এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে সভাপতি আরও বলেন, আমরা সরকারি সব বিধি-বিধান মেনে শিক্ষা প্রসারে সরকারের সহযোগি হিসেবে কাজ করছি। আমাদের এই মহতী কর্মকাণ্ডে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা পাওয়া ন্যায্য অধিকার। কিন্তু তা না করে উল্টো হয়রানির চেষ্টা করা হলে আগামীতে আইনগতভাবে মোকাবিলা করা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সহসভাপতি ডিআইএম জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম নিজাম চৌধুরী, ক্রিড়া সম্পাদক আহমদ কবির, পরিচালক মো. নুরুল আবছার, মু. ফারুক, এস এম বক্কর, মো. আবদুল মান্নান, শাহেদ আহমদ, মো. শাহেদুল ইসলাম, মু. রাশেদুল আলম, আহমদ নবী, মাওলানা মো. উল্লাহ, মো. শাহ আরমান, জরিনা বেগম, মো. আবদুল শুককুর, মু. এনামুল হক, সানজিদা আকতার ও আল হাসান মনজুর প্রমুখ।
চাটগাঁ নিউজ/এসএ






