আনোয়ারার শীর্ষ সন্ত্রাসী আখতার ফের গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী আখতার হোসেন (৪১)–কে ফের আটক করেছে যৌথ বাহিনী।

রোববার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আখতার হোসেন উপজেলার সাবেক এক মহিলা ভাইস চেয়ারম্যানের পুত্র।

এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে আটক হন আখতার। মাত্র তিন মাস পর ডিসেম্বরে জামিন পেয়ে তিনি কারামুক্ত হন।

বিগত সরকারের আমলে শ্রমিক লীগের নেতা হিসেবে তার দুর্দান্ত প্রতাপে বন্দর এলাকা ও আশপাশের সাধারণ মানুষ ভীত ও সন্ত্রস্ত থাকত বলে স্থানীয়দের অভিযোগ।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আটকের সময় আখতারের কাছ থেকে একটি দেশীয় শটগান (এলজি), একটি বিদেশি রিভলভার, একটি চায়নিজ কুড়াল হাতলসহ একটি হাতলবিহীন চায়নিজ কুড়াল, একটি চাপাতি, একটি গুলি অপসারণ স্টিক, চারটি পটকা, একটি টর্চার চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম বলেন, আখতার হোসেন চট্টগ্রাম জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, কারামুক্তির পর আখতার হোসেন রাজনীতির অবস্থান পরিবর্তনের চেষ্টা শুরু করেন। গত শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বন্দর এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারে চট্টগ্রাম-১৩ আসনের ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজামের ছেলে সাহওয়াজ জামাল নিজাম সনির গণসংযোগে প্রকাশ্যে তাকে দেখা যায়।

এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

তবে উপজেলা বিএনপির দাবি, প্রার্থীর পুত্র সাহওয়াজ জামাল নিজাম সনি শীর্ষ সন্ত্রাসী আখতার হোসেনকে চিনতেন না। গণসংযোগের সময় তিনি হঠাৎ সামনে চলে আসেন। পরে প্রার্থীর পুত্রের সঙ্গে থাকা স্থানীয় বিএনপি নেতারা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে দেন। এ ঘটনাকে ঘিরে বিভিন্ন মহল মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেন বিএনপি নেতারা।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top