আনোয়ারায় ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চুরি, ডাকাতি ও মাদকসহ ৯টি চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল করিম (৩৭)। তিনি উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কৈনপুরা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ত্রিশাল থানা, চান্দিনা থানা, মীরসরাই থানা, ফটিকছড়ি থানা এবং কর্ণফুলি থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top