আনোয়ারায় ৫৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদের পুনর্নির্মাণ, প্রথম তলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী ডুমুরিয়া-রুদুরা শাহী জামে মসজিদের পুনর্নির্মাণকাজের প্রথম তলার একাংশের কাজ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উদ্বোধন শেষে মসজিদে জুমার নামাজ আদায় করা হয়। এতে ডুমুরিয়া ও রুদুরা গ্রামের দুই শতাধিক মুসল্লি অংশ নেন।

১৯৭০ সালে নির্মিত ঐতিহ্যবাহী এই মসজিদটি দীর্ঘদিন ব্যবহারের পর ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ২০২৬ সালের শুরুর দিকে এটি পুনর্নির্মাণের উদ্যোগ নেন এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় নতুন নকশায় মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। বর্তমানে প্রথম তলার একাংশের কাজ সম্পন্ন করে উদ্বোধন করা হলেও পুরো প্রকল্পের নির্মাণকাজ চলমান রয়েছে।

এর আগে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নজির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আকতার হোছাইনের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অর্থোপেডিক বিভাগের প্রধান ডা. আবুল বশর, সাইফুল ইসলাম, আবুল বশর, জুবাইরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ, ওমর ফারুক, ইঞ্জিনিয়ার মো. কাইয়ুম ও অধ্যক্ষ আব্বাসউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, এলাকাবাসী ও ধর্মপ্রাণ মানুষের সার্বিক সহযোগিতায় দৃষ্টিনন্দন মসজিদটির প্রথম তলার একাংশের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এতে ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে নকশা অনুযায়ী মসজিদটির পূর্ণাঙ্গ নির্মাণকাজ শেষ করতে আরও প্রায় এক কোটি টাকা প্রয়োজন।

এ সময় মসজিদ প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করতে দেশ-বিদেশে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমান, বিত্তবান ব্যক্তি ও এলাকাবাসীর আন্তরিক আর্থিক সহযোগিতা কামনা করেন বক্তারা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top